
পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীদের জন্য নির্বাচনী প্রতীক রাখা হয়েছে চুড়ি, চকলেট, পুতুল, ফ্রক, কাঁচি, ভ্যানিটি ব্যাগ, মৌমাছি, আঙুর, গ্যাসের চুলা ও হারমোনিয়াম। এ নিয়ে আবারও সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কয়েকজন নারী কাউন্সিলর পদপ্রার্থী প্রথম আলোকে বলেন, নির্বাচনের প্রতীক দেখলে মনে হবে নারীরা কেবল রান্নাঘরে কাজ করেন আর সন্তান লালনপালন করেন। এ ধরনের প্রতীকের কারণে অনেকেই নারীদের ছোট করে দেখার সুযোগ পান। অথচ বিশ্ব এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নারীরা তাঁদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন।
এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, নারী প্রার্থীরা অবমূল্যায়নের শিকার হয়েছেন। এটা দুঃখজনক। তিনি বলেন, পুরুষ প্রার্থীকে পুতুল, গ্যাসের চুলা বা নারীর জন্য বরাদ্দ করা কোনো প্রতীক দিলে নিশ্চয়ই তাঁরা তা গ্রহণ করতেন না। অথবা বলা যায়, পুরুষ প্রার্থীকে এ ধরনের প্রতীক দেওয়ার কথা চিন্তায়ও আসেনি।
চলতি বছরের ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও নারীদের জন্য বরাদ্দ দেওয়া প্রতীক নিয়ে সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। সে সময় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতীক দেওয়ার ব্যাপারে ভবিষ্যতে বিবেচনা করার কথা বলেছিল কমিশন। কিন্তু এবারও আগের ধারাই অনুসরণ করেছে কমিশন।
এ বিষয়ে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের পরিচালক শীপা হাফিজার মতে, এই ধরনের প্রতীক নারী ও নারী আন্দোলনের জন্য অবমাননাকর। এতে নির্বাচন কমিশনের সংকীর্ণ মনোবৃত্তির পরিচয় প্রকাশ পেয়েছে। নারীর সমতা, ক্ষমতায়ন নিয়ে নির্বাচন কমিশনের কোনো ধারণা নেই। মনে হয় কমিশন অন্ধকার যুগে বাস করছে।
টাঙ্গাইল সদর পৌরসভা নির্বাচনের সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফাহমিদা আহমেদ প্রথম আলোকে বলেন, একসময় নারীদের জন্য প্রতীক কলসি, পানপাতা—এসব ছিল। মানুষের ধ্যানধারণা হয়েছে যে এ ধরনের প্রতীকই নারীদের দিতে হবে। তাঁর মতে, যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতীক দেওয়া গেলে ভালো হয়।

বাগেরহাটের নারী কাউন্সিলর প্রার্থী শারমীন নাহার বলেন, নারীদের জন্য কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন—এ ধরনের প্রতীক দেওয়া হলে ভালো হতো। তাঁর মতে, লটারির মাধ্যমে নারী ও সাধারণ ওয়ার্ডের প্রতীক বরাদ্দ দিলে সম-অধিকারের বিষয়টি গুরুত্ব পেত।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, এমন সব প্রতীক নারী কাউন্সিলরদের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অবমাননাকর। তাঁরা এর বিরুদ্ধে ভবিষ্যতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ প্রথম আলোকে বলেন, প্রতীক নিয়ে সিটি করপোরেশন নির্বাচনের সময় সমালোচনার পর এবার কিছু পরিবর্তন আনা হয়েছে। তারপরও প্রতীক নিয়ে কারও কারও খারাপ লাগা থাকতে পারে। তবে কাউকে খাটো করার জন্য কমিশন এটা করেনি। ভবিষ্যতে প্রতীক ঠিক করার ক্ষেত্রে কমিশন আরও বেশি মনোযোগী হবে।
৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ হবে। এসব পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৬৬৮ জন।